পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রস্তুতি: কলকাতায় পৌঁছেছেন অমিত শাহ

কলকাতা, ৮ মে – পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি ঘিরে সরগরম হয়ে উঠেছে তিলোত্তমা কলকাতা। এই প্রক্রিয়ায় অংশ নিতে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা ১১টার পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ শীর্ষ নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে বেরিয়ে অমিত শাহ সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে পূজা সম্পন্ন করেন। এরপর তিনি নিউ টাউনের একটি হোটেলে যান। একই দিনে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও কলকাতায় পৌঁছেছেন বলে জানা গেছে। হোটেলে রাজ্য নেতাদের সঙ্গে এক দফা ঘরোয়া বৈঠকের পর বিকেল ৩টায় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত ২০৭ জন বিধায়কের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

এই বৈঠকেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। এই প্রক্রিয়ায় অমিত শাহকে সহায়তা করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সেখানে তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চে নতুন সরকারকে শপথ পাঠ করাবেন রাজ্যপাল। প্রধানমন্ত্রীর বসার জন্য রাখা হয়েছে বিশেষ স্থান।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচিত মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাবেন। সবকিছু ঠিক থাকলে শনিবার সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যপাল আর এন রবি সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার ক্ষমতা প্রয়োগ করে গত ৭ মে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে ইস্তফা না দিলেও বর্তমানে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় নেই। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনসহ বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language