পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শুরুতে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি

কলকাতা, ৪ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গণনা শুরুর প্রথম দিকে ১৮০টি আসনে বিজেপি এগিয়ে থাকলেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৪টি আসনে।

অন্যদিকে এখন পর্যন্ত কংগ্রেস কোনো আসনেই লিড নিতে পারেনি এবং অন্যান্যরা চারটি আসনে এগিয়ে রয়েছে। কলকাতার গুরুত্বপূর্ণ ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জী ব্যক্তিগতভাবে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। গণনার এই পর্যায়ে মূলত পোস্টাল ব্যালটগুলো যাচাই করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভোট প্রদানের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থার ফল সবার আগে সামনে আসছে। ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য ১৪৮টি আসনের প্রয়োজন। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

তবে অনিয়মের অভিযোগ থাকায় একটি আসনের ভোট বাতিল হওয়ায় আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবং বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language