শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা, আটক ১

শ্রীমঙ্গল, ৩ মে – মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে হাফিজ মিয়া নামের এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে জসিম মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়েছিলেন হাফিজ। নামাজের প্রস্তুতির সময় হঠাৎ জসিম তার ওপর চড়াও হন। মসজিদের ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই হাফিজ মিয়ার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জসিমকে আটক করে। নিহত হাফিজ ও অভিযুক্ত জসিম উভয়েই লইয়ারকুল এলাকার বাসিন্দা।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনার পরপরই হামলাকারীকে নিজেদের হেফাজতে নিয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এস এম/ ৩ মে ২০২৬









