যুদ্ধ বন্ধে পাকিস্তানকে নতুন সংশোধিত প্রস্তাব পাঠালো ইরান

তেহরান, ১ মে – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান।
বৃহস্পতিবার এক ইরানি কূটনীতিকের মাধ্যমে এই প্রস্তাবটি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের হাতে পৌঁছে দেওয়া হয়।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত সপ্তাহে ইরান একটি প্রস্তাব পেশ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছিলেন। ট্রাম্প প্রশাসন মূলত ইরানের নতুন এই প্রস্তাবের জন্য অপেক্ষা করছিল।
পূর্ববর্তী প্রস্তাবে ইরান আগে যুদ্ধ বন্ধ এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার শর্ত দিয়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন যুদ্ধাবস্থা চলাকালীনই পারমাণবিক চুক্তি বিষয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন করতে।
ইরানের নতুন সংশোধিত প্রস্তাবে ঠিক কী কী বিষয় উল্লেখ করা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর টানা ৪০ দিন ধরে সংঘাত চলে। এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। ইরান শুরুতে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালেও পরবর্তীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতে আঘাত হানলে ইরানও পাল্টা জবাব দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় যা বর্তমানেও কার্যকর রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সতর্ক করে দিয়েছে যে, আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে।
এনএন/ ১ মে ২০২৬









