মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের ফেরার মেয়াদ বাড়ল এক বছর

কুয়ালালামপুর, ৩০ এপ্রিল – মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ অভিবাসী কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় নিজ দেশে ফেরার সময়সীমা আরও এক বছর বাড়ানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ মে পর্যন্ত অবৈধ কর্মীরা এই বিশেষ সুযোগ গ্রহণ করতে পারবেন। ইতিপূর্বে এই কর্মসূচির মেয়াদ ২০২৫ সালের ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির দ্বিতীয় ধাপের কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতেই সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চসংখ্যক নিবন্ধন, স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং জরিমানা আদায়ে সন্তোষজনক সাফল্য আসায় সরকার এই মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন। এই প্রক্রিয়ায় প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত রাজস্ব আদায় হয়েছে, যা সরকারের স্বেচ্ছামূলক প্রত্যাবাসন ব্যবস্থার কার্যকারিতাকে প্রমাণ করে।
এই কর্মসূচির আওতায় নির্ধারিত কিছু শর্ত পূরণ সাপেক্ষে অবৈধ অভিবাসীরা বড় ধরনের আইনি জটিলতা থেকে আংশিক অব্যাহতি পাচ্ছেন। বৈধ পাসপোর্ট ছাড়া প্রবেশ বা অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত এবং ভিসার শর্ত ভঙ্গের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যাবাসনের জন্য বিশেষ পাস সংগ্রহ করতে ২০ রিঙ্গিত ফি প্রদান করতে হয়। মালয়েশিয়া সরকার উল্লেখ করেছে যে, স্বেচ্ছায় দেশে ফেরার প্রবণতা বৃদ্ধি করা, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কাজের চাপ কমাতেই সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিটি সফলভাবে পরিচালিত হওয়ায় একাধিকবার এর মেয়াদ বৃদ্ধি করা হলো।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









