মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে তেলের দাম ১৪০ ডলারে পৌঁছাতে পারে: ইরানি স্পিকার

তেহরান, ৩০ এপ্রিল – আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১৪০ ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে এরই মধ্যে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছে যা সামনে আরও বাড়বে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভবিষ্যৎবাণী নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেছিলেন যে, তিন দিনের মধ্যে ইরানের তেলকূপগুলো বিস্ফোরিত হতে শুরু করবে। সেই সময়সীমা পার হওয়ার পর গালিবাফ লেখেন, তিন দিন পেরিয়ে গেলেও একটি কূপও ফাটেনি। তিনি বিদ্রূপ করে আরও বলেন যে, প্রয়োজনে এই সময়সীমা ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে লাইভ সম্প্রচার করা যেতে পারে। সাবেক এই সামরিক কমান্ডার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের পরামর্শকে ভুল হিসেবে অভিহিত করেছেন।

গালিবাফ মনে করেন, ওয়াশিংটন অর্থনৈতিক চাপের যে তত্ত্ব দিচ্ছে তা তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলছে। তিনি জানান, ভুল মানসিকতার কারণে অবরোধ আরোপ করে দাম ১৪০ ডলারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বর্তমানে ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের সমুদ্রপথে বাণিজ্যিক অবরোধ আরোপ করে রেখেছে। হোয়াইট হাউসের লক্ষ্য হলো তেহরানকে তেল উৎপাদন কমাতে বাধ্য করা অথবা অবকাঠামোগত ক্ষতির মুখে ফেলে স্থায়ী শান্তি চুক্তিতে আনা। এই উত্তজনায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশ বেড়ে ১১৮ ডলারে পৌঁছেছে যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language