দেশে আইনের শাসনের নামে অপশাসন চলছে : আমীর খসরু

চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি – বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর প্রায় পাঁচ বছর ধরে কারাগারে থাকার বিষয়টি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসনের নামে এখন অপশাসন চলছে। আসলাম চৌধুরীকে নিয়ে যে অন্যায় চলছে, সেটা একদিন আলজাজিরার মতো বিশ্বের সব সংবাদমাধ্যমে খবর হয়ে উঠে আসবে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আরও পড়ুন : বিএনপির কাছে ২০০ আসন চাইবে কল্যাণ পার্টি
আসলাম চৌধুরীকে ‘শতাধিক মামলায় জড়ানোর’ তথ্য দিয়ে আমীর খসরু বলেন, দেশে কোনো সরকার নেই, মানুষের অধিকার নেই।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, বিশ্বের দৃষ্টিগোচরের বাইরে খুব বেশিদিন থাকা সম্ভব না এবং আজ না হয় কাল দায়ভার ভোগ করতেই হবে। বাংলাদেশে অনেকেই এভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, শেষ রক্ষা হয়নি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান, বিএনপি নেতা এমএ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ভিপি নাজিম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
সূত্র : সমকাল
এন এইচ, ২০ ফেব্রুয়ারি







