মধ্যপ্রাচ্য

ইরানি হামলার জবাব নিয়ে জেদ্দায় জিসিসির বিশেষ বৈঠক শুরু

রিয়াদ, ২৮ এপ্রিল – ইরানি হামলার পাল্টা জবাব তৈরির লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বিশেষ বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবে জিসিসি নেতাদের এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। গত দুই মাস আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরান যুদ্ধের অন্যতম লক্ষ্যে পরিণত হওয়ার পর এই প্রথমবারের মতো উপসাগরীয় নেতারা সশরীরে বৈঠকে মিলিত হলেন। একজন উপসাগরীয় কর্মকর্তার তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এই অঞ্চলের দেশগুলো হাজার হাজার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

মূলত এই হামলার সম্মিলিত প্রতিক্রিয়া জানাতেই এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যুদ্ধের ফলে জিসিসিভুক্ত ছয়টি দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বেসামরিক স্থাপনা এবং সামরিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামলার তীব্রতা কিছুটা কমলেও স্থায়ী সমাধানের পথ এখনো অনিশ্চিত। এই পরিস্থিতির প্রেক্ষাপটে পুনরায় যুদ্ধ শুরুর আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে উপসাগরীয় দেশগুলো।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাতারের আমির, কুয়েতের ক্রাউন প্রিন্স, বাহরাইনের রাজা এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে জেদ্দায় পৌঁছেছেন। এদিকে জিসিসির রাজনৈতিক ও সামরিক ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ। তিনি জানান, দেশগুলো কারিগরিভাবে একে অপরকে সমর্থন দিলেও তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল। আরব লীগের কাছ থেকে এমন দুর্বলতা প্রত্যাশিত থাকলেও জিসিসির কাছ থেকে এমন অবস্থান কাম্য ছিল না বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language