পশ্চিমবঙ্গ

ভারতে নির্বাচন: দ্বিতীয় দিনেও বেনাপোল দিয়ে যাত্রী পারাপার সীমিত

কলকাতা, ২৮ এপ্রিল – ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রভাবে দ্বিতীয় দিনের মতো বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার ও বাণিজ্য কার্যক্রম সীমিত করা হয়েছে। আগে থেকে কোনো তথ্য না থাকায় প্রায় ৪০০ পাসপোর্টধারী যাত্রী ভারতে প্রবেশ করতে না পেরে সীমান্ত থেকে ফিরে গেছেন। পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র জরুরি চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের ভোটারদের যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।

তবে পচনশীল পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল থাকবে। প্রথম দিনে ভারত থেকে মাছ ও ফলবাহী ১৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশ থেকে মাছবাহী ৬টি ট্রাক ভারতে পাঠানো হয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে রবিবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

পচনশীল দ্রব্য বাদে অন্য কোনো মালামাল এই সময়ের মধ্যে আনা নেওয়া করা যাবে না। আগামী বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও নিয়মিত যাত্রী পারাপার স্বাভাবিকভাবে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language