রাশিয়া-ইরান সম্পর্ক নিয়ে মেদভেদেভ: কোনো চাপেই তেহরানকে ছেড়ে যাবে না মস্কো

মস্কো, ০৪ অক্টোবর-কোনো চাপ বা দাবির কারণে রাশিয়া কখনোই ইরানকে ছেড়ে যাবে না বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, মস্কো তেহরানের সঙ্গে অংশীদারত্বকে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক হিসেবে দেখে।
শনিবার ইরানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ এসব কথা বলেন।
ইরানি জনগণের ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করে মেদভেদেভ বলেন, স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষার ক্ষেত্রে তিনি ইরানের জনগণকে অত্যন্ত ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে দেখেছেন। তেহরানে ইসলামি বিপ্লবের প্রয়াত নেতার শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার মনে গভীর ছাপ ফেলেছে বলেও জানান তিনি।
২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে তিনি শোকানুষ্ঠানে যোগ দিতে এবং আয়াতুল্লাহ খামেনেইর প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর করেছিলেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রয়াত নেতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে বলেছিলেন।’
দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে মেদভেদেভ বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে। গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০ শতাংশের বেশি বেড়েছে এবং বাইরের চাপের মধ্যেও এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
পারমাণবিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ছে বলে জানান মেদভেদেভ। তিনি বলেন, এই সহযোগিতা শুধু বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মধ্যে সীমাবদ্ধ নেই। সেখানে আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর নির্মাণ নিয়েও আলোচনা চলছে। রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের অংশগ্রহণে বুশেহরের ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণকাজও অব্যাহত রয়েছে।
হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে মেদভেদেভ বলেন, এটি ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ, যার গুরুত্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সমতুল্য।
সবশেষে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মেদভেদেভ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কখনোই নষ্ট হতে দেওয়া হবে না—কেউ তাদের কাছে যা-ই দাবি করুক না কেন।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬







