তানজানিয়ায় আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা, ০৪ অক্টোবর-আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস. কে. আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আইপিইউ সম্মেলনের সব কার্যক্রম এবং নির্ধারিত বৈঠকগুলো শেষ করে স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬







