কেন মমতাকে ইডি বা সিবিআই জেরা করে না, পশ্চিমবঙ্গে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

কলকাতা, ২৫ এপ্রিল – পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় এসে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি সরাসরি মমতা ব্যানার্জীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
রাহুল গান্ধী বলেন যে তার নিজের বিরুদ্ধে বর্তমানে ৩৬টি মামলা রয়েছে। ঝাড়খণ্ড, মহারাষ্ট্র কিংবা বিহার যেখানেই তিনি যান না কেন, প্রতি ১০ থেকে ১৫ দিন অন্তর তাকে আদালতে হাজিরা দিতে হয়।
তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন যে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়টি মামলা করেছেন এবং তাকে এ পর্যন্ত কত ঘণ্টা জেরা করা হয়েছে। রাহুল জানান যে তাকে নিজে টানা পাঁচ দিন ধরে মোট ৫৫ ঘণ্টা জেরার সম্মুখীন হতে হয়েছে।
কংগ্রেস নেতা আরও দাবি করেন যে মমতা ব্যানার্জীর ওপর কেন্দ্রীয় সংস্থার কোনো আক্রমণ হয় না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে তৃণমূল নেত্রী বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না। রাহুল গান্ধীর মতে কেবল ভোটের সময় এলেই প্রধানমন্ত্রী মমতাকে নিয়ে সমালোচনা করেন এবং নির্বাচন শেষ হয়ে গেলে তিনি আর তাকে নিয়ে কোনো কথা বলেন না।
তিনি আরও উল্লেখ করেন যে ভারতে একমাত্র কংগ্রেসই প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও তৃণমূল সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি।
ভাষণে মমতা ব্যানার্জীর পাশাপাশি বামপন্থিদেরও সমালোচনা করেন রাহুল গান্ধী।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬









