কুষ্টিয়া

কুষ্টিয়ায় মানবিক বিভাগের পরীক্ষার্থীকে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র, দিশেহারা শিক্ষার্থী

কুষ্টিয়া, ২০ এপ্রিল – কুষ্টিয়ার কুমারখালীতে মানবিক বিভাগের এক এসএসসি পরীক্ষার্থীকে বাণিজ্য বিভাগের প্রবেশপত্র দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার মাত্র এক দিন আগে এমন ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোছা. জারিন তাসনিন সন্ধি। তিনি উপজেলার উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। নবম ও দশম শ্রেণিতে মানবিক বিভাগে পড়াশোনা করে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।

জানা গেছে, রবিবার দুপুরে শিক্ষকদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করার পর সন্ধি দেখতে পান যে সেটি বাণিজ্য বিভাগের। এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষার্থী জানান, তিনি দীর্ঘদিন ধরে মানবিক বিভাগের সব বিষয়ে প্রস্তুতি নিয়েছেন। এখন হঠাৎ করে ভিন্ন বিভাগের প্রবেশপত্র পাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধি প্রথমে জোতমোড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করতেন। পরে তিনি উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। নবম শ্রেণিতে শুরুতে বাণিজ্য বিভাগে থাকলেও পরবর্তী সময়ে তিনি মানবিক বিভাগে চলে আসেন। তবে বিভাগ পরিবর্তনের বিষয়টি দাপ্তরিকভাবে সংশোধন না হওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী প্রবেশপত্র ইস্যু হয়েছে। বর্তমানে বিষয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার জানিয়েছেন, পরীক্ষার্থীর সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language