দক্ষিণ এশিয়া

মোদীর উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হওয়া: অভিজিৎ দীপকে

নয়াদিল্লি, ৩০ জুলাই – ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন।

বুধবার মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন যে নরেন্দ্র মোদী একজন ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ ভালো করছেন। এই কারণে তার উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে এই পেশাতেই মনোনিবেশ করা এবং অন্য কাউকে দেশের শাসনভার পরিচালনার সুযোগ করে দেওয়া।

প্রধানমন্ত্রী মোদীর ইনস্টাগ্রাম ভিডিওগুলোর সমালোচনা করে দীপকে আরও বলেন যে তার যদি ইনফ্লুয়েন্সার হওয়ারই এত শখ থাকে তবে প্রধানমন্ত্রীর চেয়ারটি খালি করে দেওয়া উচিত।

এর আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মোদীর সোশ্যাল মিডিয়া ভিডিও নিয়ে মন্তব্য করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন যে ভিডিওর নতুন নতুন অ্যাঙ্গেল দিয়ে জেন জি প্রজন্মের ভোট পাওয়া যাবে না বরং প্রধানমন্ত্রীর উচিত তার হৃদয়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।

এদিন ভারতের প্রশ্নফাঁস নিরোধী আইন নিয়েও কথা বলেন অভিজিৎ দীপকে। তিনি মন্তব্য করেন যে লক্ষ্য সঠিক না হলে শুধুমাত্র আইন প্রণয়ন করে কোনো বাস্তব পরিবর্তন সম্ভব নয়। তিনি মনে করেন দেশে একের পর এক ভালো আইন তৈরি হলেও সঠিক প্রয়োগের অভাবে তা কার্যকর হচ্ছে না।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button