জাতীয়

আজ রাত থেকেই ধেয়ে আসছে তীব্র বজ্রঝড়! ৩৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর – অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সংস্থাটি জানায়, আজ রাত ১০টা থেকে আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রঝড় ও বৃষ্টিপাত হতে পারে।

বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের অন্তত ৩৭টি জেলা ও তার আশেপাশের এলাকাগুলোতে আবহাওয়ার এই উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

যেসব জেলায় তীব্র বৃষ্টির আশঙ্কা

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর অঞ্চলে সাময়িক দমকা বাতাসের পাশাপাশি বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি স্থানে সাময়িকভাবে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চলেও ছড়াবে বৃষ্টির বিস্তার

বিডব্লিউওটি আরও জানিয়েছে, কাল রোববার দুপুর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলাতেও এই বৃষ্টিপাতের বিস্তার ঘটতে পারে। বজ্রপাতের আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language