যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণ! এলাকায় চরম আতঙ্ক

ঢাকা, ১৯ সেপ্টেম্বর – রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ী এলাকায় পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর চৌরাস্তা সংলগ্ন এলাকায় এই আকস্মিক বিস্ফোরণ ঘটে। সন্ধাঘনিয়ে নামার পরপরই বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হওয়ায় পুরো এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা যে যার মতো ছোটাছুটি শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ রাজু জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাৎক্ষণিকভাবে ঠিক কতগুলো ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বা এর পেছনে কারা জড়িত রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।
ওসি মোহাম্মদ রাজু বলেন, “আমরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছি। আলামত সংগ্রহ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিম মাঠে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”
ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।
এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৬







