কুষ্টিয়ার খোকসায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়া, ২৩ মে – কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন যাত্রী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,
তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার অভিমুখে আসার পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি পাশের খাদে পড়ে যায়। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মরদেহ রয়েছে এবং ২০ জনকে আহত অবস্থায় সেখানে আনা হয়েছে।
অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী মারা গেছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এস এম/ ২৩ মে ২০২৬









