কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া, ২০ মে – কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু। বুধবার দুপুরে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অপূর্ব ইফতি তাইফ এবং সাকিবুল ইসলাম। অপূর্ব হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে এবং দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল। অন্যদিকে, সাকিবুল শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং সে কুষ্টিয়া জিলা স্কুলের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষ করে দুই বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নামে। নদীর ওই অংশে পানির গভীরতা অনেক বেশি ছিল। দীর্ঘক্ষণ তারা পানির ওপর না আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয়রা নিজেরাই নদীতে সন্ধান শুরু করেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে ওই দুই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ফায়ার সার্ভিসের কুষ্টিয়া স্টেশনের সিনিয়র অফিসার আরশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উদ্ধার কাজ পরিচালনা করে তাদের হাসপাতালে পাঠান। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এনএন/ ২০ মে ২০২৬









