যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের ফোনালাপ

তেহরান, ২০ এপ্রিল – ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে এক গুরুত্বপূর্ণ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন।
ইরানি বার্তা সংস্থা মিজান নিউজের প্রতিবেদন অনুযায়ী পেজেশকিয়ান জানান যে যুক্তরাষ্ট্র অতীতের মতোই কূটনৈতিকভাবে প্রতারণা করতে পারে বলে তারা মনে করছেন। যুদ্ধবিরতি ও আলোচনা চলাকালীন সময়েও ওয়াশিংটনের আচরণ গুণ্ডামিমূলক ও অযৌক্তিক বলে তিনি মন্তব্য করেন।
এই ধরনের আচরণের কারণেই তেহরান সন্দেহ করছে যে যুক্তরাষ্ট্র আলোচনার গুরুত্ব না দিয়ে পুনরায় হামলার পরিকল্পনা করছে। তবে এই ফোনালাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসলামাবাদে তার প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছিলেন কিন্তু ইরান এই আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে নেতিবাচক ইঙ্গিত দিয়েছে। দেশটির গণমাধ্যম ফার্স ও তাসনিম নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতি আলোচনার অনুকূল নয়। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে কোনো প্রকার আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে।
এর মধ্যে মার্কিন নৌবাহিনী ইরানের একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তেহরান এই ঘটনার পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
এনএন/ ২০ এপ্রিল ২০২৬









