মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের সহযোগিতা চায় ইরান

তেহরান, ২৯ আগস্ট – নতুন করে আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি ভবিষ্যতে কোনও সম্ভাব্য যুদ্ধ পূর্বের চেয়ে ভিন্ন হবে বলে উল্লেখ করার পর এ বিষয়ে গভীর বিশ্লেষণ দিয়েছেন হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলির অধ্যাপক সুলতান বারাকাত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক বারাকাত বলেন, রেজায়ির বক্তব্যকে কেবলমাত্র সামরিক প্রতিরোধের বার্তা হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। বরং এর মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নতুন মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
অধ্যাপক বারাকাতের ভাষ্য অনুযায়ী, ইরান ভৌগোলিকভাবে বেশ কয়েকটি দেশের প্রতিবেশী। দেশটির সরাসরি স্থলসীমান্তের পাশাপাশি কাস্পিয়ান সাগরের মাধ্যমেও একাধিক রাষ্ট্রের সাথে যোগাযোগ রয়েছে। এসব দেশের অনেকের সাথেই তেহরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক রয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রতিবেশী দেশগুলোর কেউ কেউ হয়তো ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতির সাথে একমত হবে না এবং তারা ইরানের সাথে বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করতে পারে। ইরান বর্তমানে সব পক্ষের সাথে একযোগে অর্থনৈতিক যুদ্ধে জড়ানোর অবস্থায় নেই।
ফলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক সংকুচিত হওয়া তেহরানের কাম্য নয়। তবে এই মার্কিন নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্যও নেতিবাচক ফল বয়ে আনতে পারে। ইতিপূর্বে হরমুজ প্রণালি কেন্দ্রিক উত্তেজনার সময় যেমনটি দেখা গিয়েছিল, এবারও তেমনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান কেবল সামরিক পথেই নয়, বরং আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমেও মার্কিন চাপ মোকাবিলা করতে চাইছে।
এস এম/ ২৯ আগস্ট ২০২৬









