মধ্যপ্রাচ্য

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী কুয়েত

কুয়েত সিটি, ২৯ আগস্ট – পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির মাত্র দুই দিন পর এবার ভারতের সঙ্গেও প্রতিরক্ষা খাতে বিস্তৃত সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে কুয়েত। এরই অংশ হিসেবে একটি উচ্চপর্যায়ের কুয়েতি সামরিক প্রতিনিধি দল গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও, আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে পাঁচ সদস্যের কুয়েতি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল সাক্রান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের সময় একটি সমঝোতা স্মারক সই হয়েছিল।

এখন উভয় দেশ সেই সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ ও টেকসই প্রতিরক্ষা চুক্তিতে রূপ দিতে কাজ করছে। প্রস্তাবিত চুক্তির আওতায় সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে গবেষণার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে কুয়েত ও পাকিস্তানের মধ্যে প্রটোকল এগ্রিমেন্ট ২০২৬ নামক একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরপরই দক্ষিণ এশিয়ার অপর প্রধান শক্তি ভারতের সঙ্গেও সামরিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিল কুয়েত।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language