জাতীয়

মজুত গ্যাসে চলবে আরও ১২ বছর: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

ঢাকা, ১৯ এপ্রিল – দেশের বর্তমান প্রাকৃতিক গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার জাতীয় সংসদে বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এর মধ্যে ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্পন্ন হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুত দাঁড়াবে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি আরও উল্লেখ করেন যে, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে অর্থাৎ দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে সরবরাহ করা হলে এই মজুত দিয়ে প্রায় এক যুগ চলা সম্ভব হবে।

গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বৃদ্ধির লক্ষ্যে পেট্রোবাংলা বর্তমানে ৫০ থেকে ১০০টি কূপ খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। যার মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপের কাজ শেষ হয়েছে এবং বাকিগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে চলমান।

পাশাপাশি বাপেক্স ও অন্যান্য সংস্থার মাধ্যমে দেশজুড়ে ২ডি এবং ৩ডি সাইসমিক জরিপ কার্যক্রম জোরদার করা হচ্ছে। এর মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা সংলগ্ন এলাকায় নতুন মজুত পাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language