সোনারগাঁয়ে ১৩টি কচ্ছপ উদ্ধার, পাচারকারীকে ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ, ১৯ এপ্রিল – নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাচারের সময় বিভিন্ন আকারের ১৩টি কচ্ছপ উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করা হয়। এ সময় বন্যপ্রাণী পাচারের দায়ে সাবের মারমা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার হলাপ্রুচাই মারমার ছেলে বলে জানা গেছে। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এই অভিযানে নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপসহ সাবের মারমাকে আটক করেন।
উদ্ধারকৃত কচ্ছপগুলো পরবর্তীতে বৈদ্যেরবাজার এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান যে অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের দায়ে আইন অনুযায়ী এই জরিমানা করা হয়েছে এবং পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ১৯ এপ্রিল ২০২৬








