রাজধানীর শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের পাশে ডা. শফিকুর রহমান

ঢাকা, ১৮ এপ্রিল – রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং রোগীদের বর্তমান চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন।
ডা. শফিকুর রহমান অসুস্থ শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের সমস্যার বিষয়গুলো শোনেন এবং সহমর্মিতা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
হাসপাতাল পরিদর্শন শেষে জামায়াত আমির রাজধানীর আসাদগেট এলাকায় একটি পেট্রোল পাম্পে যান। সেখানে তিনি জ্বালানি তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









