সুনামগঞ্জে বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

সুনামগঞ্জ, ১৭ এপ্রিল – সুনামগঞ্জ জেলাজুড়ে বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
জেলাটিতে পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪ লাখ ৫৩ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। এর মধ্যে পল্লী বিদ্যুতের ৪ লাখ এবং পিডিবির অধীনে সুনামগঞ্জ শহর ও দিরাই জোনে প্রায় ৫৩ হাজার গ্রাহক সেবা নেন।
ছাতক ও ইকবালনগর গ্রিড থেকে উপকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও কয়েক দিন ধরে চাহিদামত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
সুনামগঞ্জ পিডিবি জানায় তাদের দৈনিক প্রয়োজন ১২ থেকে ১৩ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু কয়েক দিন ধরে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট। দিরাই জোনেও ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ২ মেগাওয়াট বিদ্যুৎ মিলছে।
একই অবস্থা পল্লী বিদ্যুৎ সমিতিতেও। দিনে ৪৫ মেগাওয়াট এবং রাতে ৬৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা অর্ধেকেরও কম বিদ্যুৎ পাচ্ছে।
বিদ্যুতের এই সংকটে স্থানীয় ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। সাচনাবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন দিনে ৪ থেকে ৫ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং আবাসিক গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান সরবরাহ সংকটের কারণে লোডশেডিং দেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









