উত্তর আমেরিকা

ইসরায়েলকে অস্ত্র দেওয়ার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ, গ্রেফতার অন্তত ৯০

ওয়াশিংটন, ১৪ এপ্রিল – ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি এবং সামরিক সহায়তা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে হওয়া এক বিক্ষোভে পুলিশ অন্তত ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। সোমবার রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজেদের হেফাজতে নেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই বিক্ষোভের নেতৃত্ব দেয় জিউইশ ভয়েস ফর পিস নামের একটি সংগঠন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিখ্যাত হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেতা হ্যারি নেফ এবং নিউইয়র্ক শহরের কাউন্সিল সদস্য অ্যালেক্সা অ্যাভিলস রয়েছেন। বার্তা সংস্থা এপি জানায়, শুরুতে কয়েকশ মানুষ একটি অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। তারা সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এবং সিনেট সদস্য ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে প্রবেশ করে বিক্ষোভ করতে চেয়েছিলেন।

কিন্তু নিরাপত্তাকর্মীরা তাদের ভবনে প্রবেশ করতে বাধা দেন। এরপর বিক্ষোভকারীরা রাস্তায় নেমে যান এবং যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন। বিক্ষোভকারীদের মূল অভিযোগ হলো, এই দুই রাজনৈতিক নেতা লেবাননে ইসরায়েলি হামলা এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছেন। গ্রেফতারের সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, বোমার জন্য নয় বরং মানুষের জন্য টাকা দিন। পরবর্তীতে পুলিশ গ্রেফতারকৃতদের তিনটি বাসে করে সেখান থেকে নিয়ে যায়।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language