শিক্ষা

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৭ জুন – আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে ভার্চুয়ালি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

শিক্ষামন্ত্রী সভায় উল্লেখ করেন যে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আবশ্যক। একই সঙ্গে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।

২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষার সফল আয়োজনে কেন্দ্রসচিবদের জন্য তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, চলতি বছর বোর্ডের অধীনে আটটি জেলায় মোট ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএন/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language