হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি চরম উদ্বেগজনক: আইসিএস

লন্ডন, ১৪ এপ্রিল – ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং বা আইসিএসের হবু চেয়ারম্যান জন ডেনহোম হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিকে চরম উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছেন। হংকং শিপওনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ইরানি বন্দরগুলো থেকে ছেড়ে আসা ট্যাঙ্কারগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের পরিকল্পনা একটি বড় ধরনের নেতিবাচক পদক্ষেপ। যুদ্ধবিরতি শুরুর সময় আইসিএস পরিস্থিতি নিয়ে আশাবাদী থাকলেও বর্তমানে তা আর নেই।
ডেনহোম এই পরিস্থিতিকে সাময়িক জটিলতা উল্লেখ করে দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, এই সংকটের সমাধান পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর নির্ভর করছে এবং বাকি বিশ্ব কেবল দর্শক হিসেবে তা পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক জলসীমায় চলাচলের জন্য টোল বা ফি আদায়ের কড়া সমালোচনা করেছেন এই কর্মকর্তা। বর্তমানে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে এবং সেখান দিয়ে জাহাজ চলাচলের জন্য তেহরানের সঙ্গে সমন্বয় ও ফি প্রদানের শর্ত জুড়ে দিয়েছে।
আইসিএস প্রধান বিষয়টিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বলেন, জিব্রাল্টার প্রণালি বা ইংলিশ চ্যানেলের মতো আন্তর্জাতিক রুটে এমন ফি আদায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমানে আইসিএসের প্রধান অগ্রাধিকার হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আটকে পড়া প্রায় ২০ হাজার নাবিক চরম মানসিক চাপের মধ্য দিয়ে সময় পার করছেন। যদিও তারা সরাসরি কোনো বিপদে নেই, তবে এমন সংঘাতময় পরিস্থিতিতে জাহাজে আটকে থাকা অত্যন্ত কষ্টদায়ক। উল্লেখ্য, আইসিএস হলো বিশ্বের বাণিজ্যিক জাহাজবহরের ৮০ শতাংশের বেশি প্রতিনিধিত্বকারী একটি শীর্ষস্থানীয় বাণিজ্য ফেডারেশন।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









