ইউরোপ

লেবানন জ্বলন্ত থাকলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আসবে না, জানালেন ইইউ প্রধান

লন্ডন, ১৩ এপ্রিল – ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন মন্তব্য করেছেন যে লেবানন জ্বলন্ত অবস্থায় মধ্যপ্রাচ্য বা পারস্য উপসাগরে কোনো ধরনের স্থিতিশীলতা আসতে পারে না। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান গত কয়েক সপ্তাহের মূল শিক্ষা হলো নিরাপত্তা অত্যন্ত অবিচ্ছেদ্য একটি বিষয়। তিনি বলেন লেবানন যখন জ্বলছে তখন মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা আশা করা যায় না।

তাই লেবাননের সার্বভৌমত্বকে সম্মান করার পাশাপাশি সব ধরনের শত্রুতার সম্পূর্ণ অবসানের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান এই ইইউ প্রধান। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সাথে তিনি সতর্ক করে দেন যে লেবাননে অব্যাহত হামলা পুরো প্রক্রিয়াটিকে লাইনচ্যুত করার হুমকি তৈরি করেছে।

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে উরসুলা ফন ডার লেয়েন হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে লেবাননে তাদের সামরিক অভিযান চলবে এবং যুদ্ধবিরতির শর্ত শুধুমাত্র ইরানের ক্ষেত্রেই প্রযোজ্য।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language