বিশ্বনাথে সড়কের পাশ থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

সিলেট, ১৩ এপ্রিল – সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের পাশ থেকে এক ফুটফুটে কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা থেকে লামাকাজিগামী সড়কের ধলিপাড়া এলাকায় শিশুটিকে পাওয়া যায়। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার চালক মুক্তার মিয়া রাতে লামাকাজি থেকে ফিরছিলেন।
ধলিপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ তার গাড়িটি বন্ধ হয়ে যায়। অন্ধকার রাস্তায় তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। গাড়ি থেকে নেমে তিনি দেখেন, সড়কের পাশে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতক পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটির গায়ে কোনো পোশাক ছিল না।
খোলা জায়গায় থাকায় শিশুটি ঠান্ডায় কষ্ট পাচ্ছিল। সিএনজিচালক মুক্তার মিয়া জানান, কাকতালীয়ভাবে ওই স্থানে গাড়ি বন্ধ হওয়ার কারণেই তিনি শিশুটিকে দেখতে পান। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, পুলিশের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে শিশুটিকে সিলেটের ছোটমণি নিবাসে পাঠানো হবে। তবে কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









