ক্রিকেট

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে খেলবে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’

ঢাকা, ১১ এপ্রিল – সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ বা ডব্লিউসিএল টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ নামে খেলবেন মোহাম্মদ আশরাফুল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা।

মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল।

টুর্নামেন্টে অংশগ্রহণ প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ জানান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা তাদের জন্য একটি বড় অর্জন। তিনি এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারের যেকোনো পজিশনে খেলতে তিনি প্রস্তুত আছেন এবং লিগে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।

এই টুর্নামেন্টে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাও চাইলে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স দলের অন্যতম পৃষ্ঠপোষক শানিয়ান তানিম জানান, এই দুই সাবেক তারকার জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে। তিনি উল্লেখ করেন, মাশরাফি বা সাকিবের ব্যাপারে কিছু আইনি জটিলতা রয়েছে। তবে তারা আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে চান না। তারা কেবল ক্রিকেটের সাথেই যুক্ত থাকতে চান। সাকিব এবং মাশরাফিকে তারা রাজনীতিবিদ হিসেবে নয়, বরং ক্রিকেটার হিসেবেই বিবেচনা করেন বলে তিনি স্পষ্ট করেন।

অন্যদিকে, মোহাম্মদ আশরাফুল বর্তমানে একটি কোচিংয়ের দায়িত্বে থাকায় টুর্নামেন্টের সময় জাতীয় দলের খেলা থাকলে তিনি কী করবেন, এমন প্রশ্নেরও জবাব দেন। আশরাফুল জানান, টুর্নামেন্টটি ইংল্যান্ডে মাত্র সাত দিন ধরে অনুষ্ঠিত হবে। ওই সময়ে যদি বাংলাদেশের কোনো খেলা থাকে, তবে তিনি সেভাবেই পরিস্থিতি বিবেচনা করবেন। যেহেতু সামনে আরও খেলা রয়েছে, তাই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতির বিষয়েও আশাবাদী।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language