সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট, ১০ এপ্রিল – সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। শুক্রবার ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তাদের নাম সালেহ আহমেদ জয়ধর, সুমন মিয়া ও মাসুম আহম্মদ। তারা মূলত মাদকের চালান আনতে সেখানে গিয়েছিলেন। এরপর তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।
সেখানে খাসিয়াদের সুপারি বাগানে থাকার সময় স্থানীয় ভারতীয় খাসিয়ারা তাদের চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনেন।
জানা গেছে, নিহত যুবকসহ ওই তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।
এনএন/ ১০ এপ্রিল ২০২৬









