মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী

তেহরান, ১০ এপ্রিল – মধ্যপ্রাচ্যে অব্যাহত উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরুর সময়ও এই মূল্যবৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে। আগের তুলনায় এই দাম প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলমান থাকলেও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে।

এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান অত্যন্ত নেতিবাচক ভূমিকা পালন করছে। তাঁর মতে, ইরানের এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির পরিপন্থি।

তেহরানকে সতর্ক করে তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলের সময় কোনো জাহাজ থেকে টোল আদায় করা হলে তা মেনে নেওয়া হবে না। এদিকে সৌদি আরবের তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার কারণে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, এই হামলার কারণে দেশটিতে দৈনিক তেল উৎপাদন প্রায় ৬ লাখ ব্যারেল কমে গেছে। একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম পাইপলাইনের সরবরাহ সক্ষমতাও ৭ লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পেয়েছে।

এস এম/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language