ফরিদপুর

ফরিদপুরে চার কেজি গাঁজাসহ বাবা ও ছেলে আটক

ফরিদপুর, ৬ এপ্রিল – ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি পুলিশ।

সোমবার ৬ এপ্রিল দুপুরে উপজেলার দফা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী কাবুল মাতুব্বর এবং তার ২৪ বছর বয়সী ছেলে সালাউদ্দিন মাতুব্বর।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে তাদের কাছে গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে দফা এলাকায় অভিযান পরিচালনা করে ওই চার কেজি গাঁজাসহ তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়।

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে কোথাও কোনো মাদক ব্যবসার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এনএন/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language