ফরিদপুরে মহাসড়কের পাশে প্রাইভেটকার থেকে যুবকের এলোপাতাড়ি গুলি

ফরিদপুর, ১৮ আগস্ট – ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কের হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে এক যুবকের এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে এবং এর একটি ২৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে দাঁড়ালে সেখান থেকে এক যুবক ও এক নারী চা পানের জন্য নামেন। সড়কে উপস্থিত স্থানীয়রা যুবককে গাড়িটি সুবিধাজনক স্থানে সরিয়ে রাখতে বলেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে যুবকটি হঠাৎ গাড়ি থেকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়তে থাকেন। হঠাৎ গুলির বিকট শব্দে স্থানীয় ও পথচারীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
হুড়োহুড়িতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে অভিযুক্ত ওই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান যে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ১৮ আগস্ট ২০২৬









