ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফরিদপুর, ২৯ জুন – ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার সকাল ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বর্তমানে মুমূর্ষু অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত যুবকের নাম হানিফ শেখ। তিনি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত সুমাইয়া আক্তারও একই এলাকার বাসিন্দা।
তবে তারা সম্প্রতি ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে ওই দম্পতি হোগলাডাঙ্গী সদরদী এলাকার একটি বাড়িতে ভাড়া ওঠেন। ভাড়া বাসায় ওঠার পর থেকেই তাদের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতো।
এরই ধারাবাহিকতায় রবিবার রাতেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। সোমবার সকালে হানিফের চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
প্রথমে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এই ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে ঘরে আটকে রাখেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এস এম/ ২৯ জুন ২০২৬









