ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নৌযান ডুবি, নিখোঁজ অন্তত ৭০

ভেনিস, ৬ এপ্রিল – ভূমধ্যসাগরে নৌযানডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ইতালীয় বেসরকারি সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় শনিবার বিকেলে লিবিয়ার নিয়ন্ত্রণাধীন ভূমধ্যসাগরের তল্লাশি ও উদ্ধার এলাকায় একটি কাঠের নৌযান ডুবে যায়।
নৌযানটি লিবিয়ার উপকূলীয় শহর তাজাউর থেকে যাত্রা শুরু করেছিল। এতে নারী ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন। লিবিয়ার বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরপূর্বে এই দুর্ঘটনা ঘটে। ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে এই তেলখনির দূরত্ব প্রায় ১২২ কিলোমিটার। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৩৪ জনকে জীবিত এবং দুজনের মৃতদেহ উদ্ধার করেছেন।
জীবিত যাত্রীদের ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের জন্য শোক প্রকাশের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান। অন্যদিকে ল্যাম্পেদুসাভিত্তিক সংবাদমাধ্যম আনসা নিউজ জানিয়েছে নৌযানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন এবং কোস্টগার্ডের উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই অন্তত ৮০ জন সাগরে ডুবে যান।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬




