ইউরোপ

রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত

মস্কো, ২১ এপ্রিল – মৌলভীবাজারের এক যুবক রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মুহিবুর রহমান (২৭), তিনি মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে।

গত শুক্রবার রাশিয়ায় নিহতের এই ঘটনা ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিবুর রাশিয়ার সেনাবাহিনীর বিভিন্ন বাংকারে রান্নার কাজ করতেন। রাশিয়া থেকে তার সহকর্মী মেহেদী হাসান পরিবারের কাছে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। এরপর মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান দেশে বিষয়টি জানান।

হাবিবুর জানান, তার বড় ভাই উচ্চশিক্ষার উদ্দেশ্যে কয়েক বছর আগে রাশিয়ায় পাড়ি জমান। সেখানে আড়াই বছর পড়ালেখা করার পর দেশে ফিরে পুনরায় রাশিয়ায় যান। সবশেষ গত বছর তিনি দেশে এসে বিয়ে করে আবার চলে গিয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, দালালেরা মোটা অঙ্কের বেতন ও নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে মুহিবুরকে যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করে। গত সপ্তাহে একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় মুহিবুর নিহত হন।

নিহত মুহিবুর ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে শোকসন্তপ্ত পরিবার।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানও মুহিবুরের মৃত্যুর সংবাদ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language