ইউরোপ

যুক্তরাজ্যকে রাশিয়ার চরম হুঁশিয়ারি: ক্ষেপণাস্ত্র সহায়তায় কঠোর প্রতিশোধের হুমকি

মস্কো, ২৮ আগস্ট – ইউক্রেনকে দীর্ঘপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র নির্মাণে সহায়তার ঘোষণা দেওয়ার পর যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউক্রেনের ভেতরে ও বাইরে যুক্তরাজ্যের যেকোনো সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানা হতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন যে ব্রিটিশ সরকার আগুন নিয়ে খেলছে। একই সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান মস্কো সফর করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি ক্রেমলিনকে ন্যাটো জোটভুক্ত কোনো দেশে হামলা না চালানোর বিষয়ে গোপন বার্তা ও সতর্কতা প্রদান করেছেন।

সম্প্রতি ইউক্রেনকে তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের সুযোগ করে দেওয়ার ঘোষণা দেয় ব্রিটিশ কর্তৃপক্ষ। এই প্রযুক্তিতে ফ্রান্সও সহায়তা করতে রাজি হয়েছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে রাশিয়ার কোনো হুমকি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না এবং তারা ইউক্রেনের পাশেই থাকবে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফ সম্প্রতি গোপনে মস্কো সফর করেন। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা রাশিয়া হয়তো ন্যাটোর সক্ষমতা যাচাই করতে সীমান্তবর্তী কোনো সদস্য দেশে সীমিত পরিসরে হামলা বা সাইবার আক্রমণ চালাতে পারে।

বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলো এমন ঝুঁকির মুখে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন যে রাশিয়ার এমন কোনো পরিকল্পনা নেই এবং এসব খবর কেবল আতঙ্ক সৃষ্টির জন্য ছড়ানো হচ্ছে।

এস এম/ ২৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language