ঢাকাসহ দেশের ১৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত

ঢাকা, ৫ এপ্রিল – রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ চলাচলে বিশেষ সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার ৫ এপ্রিল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়।
আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে এই ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দুর্ঘটনা এড়াতে উল্লিখিত এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









