রামেক হাসপাতালে হামে ৩ শিশুর মৃ*ত্যু, আইসিইউর অপেক্ষায় ৫৬ জন

রাজশাহী, ৪ এপ্রিল – রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং একজনের বাড়ি নাটোর জেলায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাম নিয়ে ১৪৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনজন।
তবে সার্বিকভাবে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং মোট ৩৭৭ জন রোগী ভর্তি হয়েছে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গণমাধ্যম মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামের উপসর্গ নিয়ে বর্তমানে ১২ জন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আইসিইউ সেবার জন্য আরও ৫৬ জন শিশু অপেক্ষায় আছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের চাপ সামাল দিতে কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









