পাবনার সাঁথিয়ায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পাবনা, ২ এপ্রিল – পাবনার সাঁথিয়া উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাতলা ও পুন্ডুরিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ এবং করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ সোনাতলা গ্রামের একটি মাঠে পেঁয়াজ তুলছিলেন। হঠাৎ আকাশে মেঘের গর্জনের পাশাপাশি শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে পুন্ডুরিয়া গ্রামের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আকরাম নামের অপর কৃষকের মৃত্যু হয়।
এ ছাড়া সোনাতলা গ্রামের রাজা মিয়ার ছেলে পারভেজ মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









