ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১

জাকার্তা, ২ এপ্রিল – ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দেশটিতে জরুরিভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। ওই শহরটিতে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছিল, মালাক্কা সাগরে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। তবে পরবর্তীতে সেই তথ্য সংশোধন করে জানানো হয় এর প্রকৃত মাত্রা ছিল ৭ দশমিক ৪।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









