চট্টগ্রামে শুরু হলো ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা

চট্টগ্রাম, ১ এপ্রিল – মহান স্বাধীনতার মাস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা ২০২৬। মঙ্গলবার বিকেলে নগরের জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপির উপকমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, শহিদুল হক চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান। এছাড়াও মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন একটি নৈতিক, জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের চিন্তাকে প্রসারিত করে এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।
পাহাড়তলি বধ্যভূমিসহ নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে সিটি করপোরেশন উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান। এই লক্ষ্যে তিনি প্রকৃত শহীদদের তালিকা প্রণয়নে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করেন। মেয়র প্রত্যাশা ব্যক্ত করেন চট্টগ্রামের প্রতিটি ঐতিহাসিক স্থানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষিত হবে যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে।
এস এম/ ১ এপ্রিল ২০২৬









