রংপুরে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ

রংপুর, ৩১ মার্চ – বৈধ ও হালনাগাদ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহনে জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশ দিয়েছে রংপুরের জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত একটি চিঠি রংপুর পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ ছাড়া অথবা মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।
এই আইন কঠোরভাবে পালনের লক্ষ্যে কেবল বৈধ কাগজপত্রধারী যানবাহনেই জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে নিজ নামে রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের ক্ষেত্রে মানসম্মত হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে যানবাহনের ফিটনেস সনদ ও রুট পারমিট থাকতে হবে। এ বিষয়ে রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠক হারুন অর রশিদ জানান, জেলা প্রশাসকের সঙ্গে পাম্প মালিকদের ইতোমধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এই নির্দেশনা বাস্তবায়নে একযোগে কাজ করবে।
এস এম/ ৩১ মার্চ ২০২৬









