মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন ইরানের

তেহরান, ৩১ মার্চ – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফারস এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এই পরিকল্পনা অনুমোদনের বিষয়টি জানিয়েছেন।

অনুমোদিত এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সরাসরি বাধা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, যেসব দেশ ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে তাদের জাহাজও এই প্রণালি দিয়ে চলাচলে নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন এই টোল ব্যবস্থার কথা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও ঘোষণা করা হয়েছে। সম্প্রচারিত খবরে বলা হয়েছে প্রতিবেশী ওমানের সহযোগিতা নিয়ে ইরান এই ব্যবস্থা বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এবং গ্যাস সরবরাহ করা হয়। চলমান বিভিন্ন সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের মজুত দ্রুত কমতে শুরু করেছে।

এনএন/ ৩১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language