সংসদে ইলিয়াস আলীর খোঁজ ও গুমের বিচার চাইলেন স্ত্রী তাহসিনা রুশদী

ঢাকা, ৩০ মার্চ – ২০১২ সালে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান চেয়েছেন তার স্ত্রী এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সংসদে দেওয়া বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চায় স্বজনরা কোথায় আছেন। দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গুম হওয়া ব্যক্তিদের পরিণতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
তিনি গুমের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি গুমের শিকার পরিবারগুলোর আর্থিক সংকট নিরসন এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গত ১৭ বছরে গুম ও খুনের শিকার ব্যক্তিদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেন।
রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লুনা বলেন, রাষ্ট্রপতি তার বক্তব্যে বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন এবং গুম খুনের সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরায় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
তারেক রহমানের নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে গুম খুন চিরতরে নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ৩০ মার্চ ২০২৬









