হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ও টোল আরোপের পরিকল্পনা ইরানের

তেহরান, ৩০ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করতে যাচ্ছে ইরান। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুট ঘিরে তেহরান এবার নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। সোমবার ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি জানান, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা খুব শিগগিরই অনুমোদন করা হতে পারে। প্রস্তাবিত এই নতুন ব্যবস্থার অধীনে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
পাশাপাশি ইরান এই প্রণালিতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ট্রানজিট টোল বা শুল্ক আরোপের চিন্তাভাবনা করছে। বোরুজেরদি উল্লেখ করেন, প্রণালির নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে বিভিন্ন পরিষেবা দিতে আর্থিক ব্যয়ের প্রয়োজন হয়। তাই এই জলপথ ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট ট্রানজিট টোল সংগ্রহের কাঠামো তৈরি করা অপরিহার্য হয়ে পড়েছে। এছাড়া তিনি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে ইরানের বেরিয়ে আসার সময় হয়েছে বলেও মন্তব্য করেন।
তার মতে, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর এই চুক্তির আর কোনো যৌক্তিকতা অবশিষ্ট নেই। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিপরীতে পাল্টা জবাব দিচ্ছে ইরান। এরই মধ্যে সংঘাতটি ৩১তম দিনে গড়িয়েছে। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় ইরানের অব্যাহত হামলায় গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে, সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা।
এস এম/ ৩০ মার্চ ২০২৬









