মধ্যপ্রাচ্য

আলোচনার আড়ালে ইরানে স্থল হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র, দাবি গালিবফের

তেহরান, ২৯ মার্চ – ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ অভিযোগ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন ঠিক তেমনি অন্যদিকে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মোহাম্মদ বাঘের গালিবফ দাবি করেন শত্রু পক্ষ প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠালেও গোপনে তারা স্থল অভিযানের ছক কষছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। ইরানি মাটিতে পা রাখামাত্রই মার্কিন সেনাদের পুড়িয়ে মারা হবে বলে তিনি কঠোর বার্তা দেন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের তিন হাজার পাঁচশো সেনা মোতায়েন করার ঘোষণা দিয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি ইতিমধ্যে তার নির্ধারিত দায়িত্বের এলাকায় পৌঁছেছে। তবে কৌশলগত কারণে জাহাজটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। পাশাপাশি এই বিপুল সংখ্যক সেনা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান নেবেন সেই বিষয়েও বিস্তারিত কোনো তথ্য মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি।

এ এম/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language