এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

ঢাকা, ২ জুলাই – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন যে সরকার এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগ করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রদান করেন।
অনুষ্ঠানে মন্ত্রী জানান যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি আইনি জটিলতার অবসান হয়েছে। আপিল বিভাগ এ সংক্রান্ত রায় ঘোষণা করায় এখন ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। এর পাশাপাশি আরও প্রায় ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। এটিকে শিক্ষা খাতের জন্য একটি বড় অর্জন হিসেবে তিনি উল্লেখ করেন।
চলমান এইচএসসি পরীক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের চিরাচরিত প্রথা থেকে সরে এসে শৃঙ্খলার সঙ্গে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এছাড়া চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফ গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২ জুলাই ২০২৬









